প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৫৯ জন, চট্টগ্রামে ৩১১ জন, সিলেটে ১৫৭ জন, বরিশালে ১৩৪ জন, খুলনায় ১২২ জন, ময়মনসিংহে ৮৮ জন, রংপুরে ৬৩ জন এবং রাজশাহীতে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।
একই সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে। তাদের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের হাম নিশ্চিত হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এবং হাসপাতালে রোগী ভর্তির তথ্য জনস্বাস্থ্য পরিস্থিতির ওপর নজরদারির গুরুত্ব তুলে ধরছে।