প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:২৯ এএম
সংগৃহীত ছবিইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর)। বর্তমান প্রধান মন্ত্রী যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর ভাগ্য এরমাধ্যমে নির্ধারিত হবে ।
ইসরায়েলের সংসদ বা নেসেটের আসন সংখ্যা হলো ১২০টি। কেউ যদি সরকার গঠন করতে চায় তাহলে তাকে এককভাবে ৬১টি আসনে জয় পেতে হবে। যদিও জটিল হিসাব-নিকাশের কারণে নেসেটে কোনো দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টিও সর্বশেষ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার ভোটের ফলাফলের যে জরিপ প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে নেতানিয়াহুর জোট ও প্রধান বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর অন্যতম কারণ এবার প্রথমবারের মতো ভোট দেবে প্রায় ৫ লাখ তরুণ ইসরায়েলি। এছাড়া প্রায় ৭০ হাজার ইসরায়েলি বিশ্বের অন্যান্য দেশ থেকে শুধুমাত্র ভোট দিতে আসছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্মের পর তাদের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে ৬১টি আসন পায়নি। ফলে অন্যান্য দলগুলোকে জোট করে সরকার গঠন করতে হয়েছে।
নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে আবির্ভুত হয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোত। তিনি নেতানিয়াহুর দলের চেয়ে বেশি আসন পেতে পারেন। তবে এরমানেই এই নয় যে, নেতানিয়াহু ক্ষমতা হারাবেন।
ইসরায়েলে ছোট ছোট দলগুলো জোট করার পর যারা ৬১টি বা তার বেশি আসন যোগাড় করতে পারে তারাই ক্ষমতায় যায়, তাই নেতানিয়াহু কম আসন পেলেও অন্য উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট করে আবারও ক্ষমতায় আসতে পারেন। অন্যদিকে গাদি আইজেনকোতও ক্ষমতায় আসতে পারেন।
আলজাজিরা বলেছে, সম্প্রতি চালানো এক জরিপে দেখা গেছে গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। অপরদিকে নেতানিয়াহুর উগ্রপন্থি জোট পেতে পারে ৫০টি আসন। ফলে ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলো নির্ধারণ করে দিতে পারে কারা ক্ষমতায় আসবে।
আলজাজিরা বলেছে জয়েন্ট লিস্ট এবং রা’ম নামে ইসরায়েলে দুটি আরব দল আছে। যারা ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্ব করে। দখলদার ইসরায়েলের যে জনসংখ্যা রয়েছে তারমধ্যে ২০ শতাংশ ফিলিস্তিনি ইসরায়েলি। আর এ দুটি দল এবারের নির্বাচনে ১৩টি আসনে জিততে পারে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স