জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতি মন্ত্রী

যাযাদি রিপোর্ট

জাতীয়

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি

2026-10-25T15:51:35+06:00
2026-10-25T15:55:45+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতি মন্ত্রী
যাযাদি রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৩:৫৫ পিএম 
ছবি: যাযাদি
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী মীর শাহে আলম। প্রধান মন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) সকালে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। নারীশিক্ষার প্রসার, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এ ছাড়া এক হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে জাইমা রহমানের ছবি সংবলিত মগ বিতরণ করা হয়। একই কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশনের কার্যক্রমও পরিচালিত হয়। আয়োজকদের প্রত্যাশা, বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের ভোগান্তি কমবে এবং নিয়মিত উপস্থিতি বাড়বে। ছাত্রীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়তা করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রতি মন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে অতীতেও বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আগের বছরগুলোতে দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ, চিকিৎসাসেবা ও চক্ষুচিকিৎসার মতো উদ্যোগ নেওয়া হয়েছিল। এবারও শিক্ষার্থীদের কল্যাণে কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, জিয়া পরিবারের মঙ্গল কামনায় গত ২০ বছর ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই এসব উদ্যোগের লক্ষ্য।

সাইকেল বিতরণ প্রসঙ্গে প্রতি মন্ত্রী বলেন, নারীশিক্ষার উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মীর শাহে আলম। তিনি বলেন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

এ বিষয়ে সভায় আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের পাশে দাড়ানো এবং নারীশিক্ষার অগ্রযাত্রা এগিয়ে নেওয়াই এ ধরনের উদ্যোগের উদ্দেশ্য বলে উল্লেখ করেন প্রতি মন্ত্রী। সাইকেল বিতরণ কর্মসূচির পাশাপাশি শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে চক্ষুসেবার আওতায় আনা হয়েছে। প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হয়। চক্ষু চিকিৎসা কার্যক্রমে বক্তব্য দিতে গিয়ে প্রতি মন্ত্রী মীর শাহে আলম জামায়াতের রাজনীতির সমালোচনা করেন। তিনি দলটির বিরুদ্ধে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তোলেন এবং বলেন, ভোটের সময় ধর্মীয় আবেগকে কাজে লাগানো হলেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না বলে তিনি মনে করেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, প্রধান মন্ত্রী তারেক রহমান এসব শ্রেণির মানুষের কথা বিবেচনায় নিয়েছেন। বক্তব্যে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন। মোকামতলা ও শিবগঞ্জের যাদের চোখের সমস্যা রয়েছে, তাঁদের চিকিৎসাসেবা দেওয়ার কথা জানান মীর শাহে আলম। পর্যায়ক্রমে সবাইকে বিনামূল্যে চক্ষুসেবার আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এবং প্রতি মন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
  বিষয়:   জাইমা রহমান  মীর শাহে আলম  বগুড়া  নারীশিক্ষা 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত