প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি: যাযাদিরংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাগডহরা এলাকার এন্দাজ আলীর ছেলে এজারুল ওরফে রেজাউল (কানা) এবং কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ এলাকার আইয়ুব আলীর ছেলে সাদেকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের আব্দুল মতিন মেম্বারের ছেলে সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। এ সময় অটোরিকশার মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন।
পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। পরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন।
একপর্যায়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলা ক্যানেলের মধ্যে তাদের আটক করেন স্থানীয় লোকজন। এরপর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।