যুবদল নেতাকে মারধরের অভিযোগ, সংবাদ সম্মেলনে বাবার বিচার চেয়ে কাদল আট বছরের মেয়ে

নেছারাবাদ প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে যুবদল নেতা মো. মারুফ তালুকদারকে (৩২) মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার

2026-10-24T22:24:01+06:00
2026-10-24T22:24:45+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
যুবদল নেতাকে মারধরের অভিযোগ, সংবাদ সম্মেলনে বাবার বিচার চেয়ে কাদল আট বছরের মেয়ে
নেছারাবাদ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:২৪ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ১০:২৪ পিএম 
ছবি: যাযাদি
পিরোজপুরের নেছারাবাদে যুবদল নেতা মো. মারুফ তালুকদারকে (৩২) মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন মারুফ। এ সময় বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তার আট বছর বয়সী মেয়ে মাইশা মনি। বাবাকে মারধরের বিচার চেয়ে শিশুটির কান্নায় সেখানে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নের রাহুতকাঠী গ্রামে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন মারুফ তালুকদার। তিনি আগামী কমিটিতে নেছারাবাদ উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে মারুফের মেয়ে মাইশা মনি অভিযোগ করে, নাছির আঙ্কেল তার বাবাকে অনেক মারধর করেছেন। এ ঘটনার বিচার চায় সে। বাবাকে জড়িয়ে ধরে শিশুটির কান্নার দৃশ্য উপস্থিত লোকজনের মধ্যে আবেগের সৃষ্টি করে। মারুফ তালুকদার অভিযোগ করেন, নাছির তালুকদারের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগে নাছির তার বাবাকে মারধর করেছিলেন এবং আওয়ামী লীগের সহায়তায় মামলা দিয়ে বাড়িছাড়া করেছিলেন বলেও দাবি করেন তিনি।

মারুফের ভাষ্য, সম্প্রতি গ্রামের এক ব্যক্তিকে টিউবওয়েল দেওয়ার কথা বলে নাছির তালুকদার ১৫ হাজার টাকা নিয়েছিলেন। ওই ব্যক্তি টিউবওয়েল না পেয়ে বিভিন্ন জায়গায় বিষয়টি বলাবলি করছিলেন। এ নিয়ে নাছির তাকে দোষারোপ করে আসছিলেন।

মারুফ আরও অভিযোগ করেন, এর জের ধরে গত ২৩ অক্টোবর রাতে বাড়ির সামনে তার পথরোধ করেন নাছিরের আপন ভাই ও স্বজনেরা। একপর্যায়ে তাকে মারধর করা হয়। তার চিৎকার শুনে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় তিনি নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।

মারুফ তালুকদার স্বরূপকাঠী সদর ইউনিয়নের রাহুতকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহেব আলীর ছেলে। সংবাদ সম্মেলনে তার বাবা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাহেব আলীও নাছির তালুকদারের বিরুদ্ধে অতীতে মারধর ও মামলা দিয়ে বাড়িছাড়া করার অভিযোগ তুলে ঘটনার বিচার দাবি করেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার। তিনি বলেন, মারুফ তার বাড়ির পাশের বাসিন্দা। মারুফ তাকে নিয়ে বাজারে বাজে কথা বলে বেড়ান। বিষয়টি জানতে পেরে তার ভাই বাড়ির সামনে বসে মারুফকে জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এ কারণে তাঁদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।

নাছির তালুকদার আরও দাবি করেন, তিনি বিষয়টি মীমাংসা করতে চাইলেও দলের একটি পক্ষ উসকানি দিয়ে ঘটনাটিকে বড় করে দেখানোর চেষ্টা করছে। এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মারুফ তালুকদার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
  বিষয়:   নেছারাবাদ  যুবদল নেতা  বিএনপি  মারধর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত