দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তুলনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই আয়াজ। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই মডেল ও উপস্থাপিকা। ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয়েছিল। বেশ কয়েক বছর আগে তাঁর অস্ত্রোপচারও হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হার্ট অ্যাটাক করেন তিনি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাচাতে পারেননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর রোডে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি কাজ করেছেন। শোবিজ অঙ্গনে তাঁর পেশাদারত্ব ও কাজের মাধ্যমে পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি ছিল প্রাণবন্ত। হাস্যোজ্জ্বল ছবি ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে ভক্তদের কাছে পরিচিত ছিলেন তুলনা। অসুস্থতার সঙ্গে লড়াইয়ের মধ্যেও কাজের জগতে তার অবদান ও স্মৃতি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ভক্তদের মনে বেঁচে থাকবে।