প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পিএম
চিকিৎসক মাইনুল হাসানমাগুরায় চাঞ্চল্যকর যুবদল নেতা শাকের হোসেন হত্যায় প্রাথমিক চিকিৎসায় মারাত্মক ভুল ও দায়িত্বে অবহেলার অভিযোগে এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া চিকিৎসকের নাম মাইনুল হাসান। তিনি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জররি বিভাগে দায়িত্বরত ছিলেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহসিন উদ্দিন ফকির বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পূজার ছুটি শেষেই এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আপাতত প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্তের চিঠি দেয়া হয়েছে।
সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে মাগুরা পৌর টার্মিনালের ‘রয়েল পরিবহন’ কাউন্টারে দুর্বৃত্তদের গুলিতে আহত হন কাউন্টার মাস্টার ও পৌর যুবদলের যুগ্ম-আহ্বায় শাকের হোসেন (৪০)। তাঁকে প্রথমবার মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল হাসান ইসিজি রিপোর্টের ভিত্তিতে তাঁকে মৃত ঘোষণা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে, নিহতের মাথার পেছনে থাকা স্পষ্ট গুলির ক্ষতটি ওই চিকিৎসকের দৃষ্টিতে পড়েনি বা তিনি তা পরীক্ষা করেননি।
পরবর্তী সময়ে মরদেহ বাড়িতে নিয়ে গোসল করানোর প্রস্তুতি নেয়ার সময় পরিবারের সদস্যরা নিহতের মাথার পেছনের দিকে ছিদ্র দেখতে পান। এতে সন্দেহ সৃষ্টি হলে আবার তাঁকে হাসপাতালে ফিরিয়ে নেয়া হয় এবং তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে, শাকের হত্যা মামলায় ইতোমধ্যে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-ঢাকা মহানগর যুবদলের সদস্য, মাগুরা শহরের তাতীপাড়া এলাকার রনি শিকদার এবং বুজরুক-শ্রীকুন্ডি গ্রামের শামীমা তাবাসসুম।