ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহতদের মরদেহ । ছবি- যাযাদি মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়ে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতদের একজন রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার করা একজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের পরিচয়- ১. হৃদয় (৩০) ২. শাহিন আক্তার (৩২), ডামুরহুদা, চুয়াডাঙ্গা ৩. নূর ইসলাম (৫৫), জীবননগর, চুয়াডাঙ্গা ৪. ইমরান (২৭), জীবননগর, চুয়াডাঙ্গা ৫. গিলবাড সরকার (৫৫), মুজিবনগর, মেহেরপুর ৬. তরিকুল ইসলাম (৩৬), মুজিবনগর, মেহেরপুর ৭. সাইফুল ইসলাম (৪০), জীবননগর, চুয়াডাঙ্গা ৮. মিরাজুল ইসলাম (২৮), জীবননগর, চুয়াডাঙ্গা ৯. রফিকুল ইসলাম (৩৫), জীবননগর, চুয়াডাঙ্গা ১০. অনিফিন (১৭), মহেশপুর, ঝিনাইদহ ১১. সন্দীপন বসু (৪০), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা ১২. ইকরাম (৪০), আফতাবনগর, ঢাকাশ ১৩. রায়হান (২১), মাগুরা সদর, মাগুরা ১৪. হাসিব (২২), জীবননগর, চুয়াডাঙ্গা ১৫. তিশা (২৪), মহেশপুর, ঝিনাইদহ ১৬. বোরহান উদ্দিন (৫৫), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা।