প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:০৬ পিএম
ছবি-যাযাদি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও কার্টুন আঁকার প্রতি আগ্রহ বাড়াতে কুড়িগ্রামে দিনব্যাপী কার্টুন ড্রয়িং কর্মশালার আয়োজন করে কালচারাল অর্গানাইজেশন ‘হিজিবিজি’।
২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে আছেন দৈনিক প্রথম আলো পত্রিকার কার্টুনিস্ট সৌহাত রাশেদিন সৌখিন। কর্মশালায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাইকৃত মোট ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালার প্রশিক্ষক সৌহাত রাশেদিন সৌখিন বলেন, “কার্টুন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নিজের চিন্তা, কল্পনা ও সমাজের নানা বিষয়কে সৃজনশীলভাবে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের কার্টুন আঁকার মৌলিক ধারণা ও কৌশল শেখানোর চেষ্টা করছি।”
হিজিবিজির সম্পাদক রাজ্য জ্যোতি বলেন, “আমরা চাই কুড়িগ্রামের শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ও শিল্পচর্চার সুযোগ তৈরি করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”
হিজিবিজির কর্মশালা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব নাজমুস সাকিব শাহী জানান, এধরণের ক্রিয়েটিভ কর্মশালা হিজিবিজির একটা সিরিজ কর্মসূচি। এধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তারা।