প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৩১ এএম
ছবি-যাযাদি খুলনার কয়রায় সরকারি জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে মারা যাওয়া হোমিও চিকিৎসক গোলাম রব্বানীর মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় দাফন শেষে উপজেলার মহারাজপুর ইউনিয়নের রাজ্জাক চেয়ারম্যানের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাছান, মনিরুজ্জামান বেল্টু ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম,নিহত রব্বানীর মেয়ে বৈশাখী, ছেলে বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সভাপতি এম আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।
গত সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম মঠবাড়ি গ্রামে ১৩ শতক সরকারি জমি ও কলা কাটাকে কেন্দ্র করে গোলাম রব্বানীর (৫২) সঙ্গে তাঁর চাচাতো ভাই সিদ্দিক সরদারের (২৬) পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। এতে রব্বানীসহ চারজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে ছিলেন রব্বানীর ছেলে বিল্লাল সরদার (১৭), স্ত্রী নাজমা খাতুন (৩৮) ও মা রাহিলা বেগম (৫৫)।
আহতদের প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রব্বানীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ অক্টোবর) বিকেলে তাঁর মৃত্যু হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িত থাকার অভিযোগে আজমিরা খাতুন (১৮) ও তাসলিমা বেগমকে (৩৫) আটক করা হয়েছে।