প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি-যাযাদি নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় ইকবাল হোসেন তালুকদার রাসেলের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, স্থানীয় সালিশের সিদ্ধান্ত অমান্য এবং এলাকাবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, হয়রানি থেকে প্রতিকার এবং জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চল্লিশা বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে নারীদের উপস্থিতিও ছিল।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন সিরাজী, আরিফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, ইকবাল হোসেন তালুকদার রাসেল প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। পাশাপাশি স্থানীয় সালিশের সিদ্ধান্ত না মেনে এলাকার লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, এসব ঘটনার কারণে এলাকার সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। জমি নিয়ে বিরোধের জেরে মামলা ও হয়রানির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হয়রানিমূলক মামলা থেকে প্রতিকার এবং এলাকাবাসীর জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।