শরীয়তপুরে শিক্ষক হত্যা মামলায় হোটেল ম্যানেজার আটক

বরিশাল অফিস

সারাদেশ

শরীয়তপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার হত্যা মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত ঢাকা আবাসিক হোটেলের ম্যানেজার আতাউর রহমানকে আটক করেছে

2026-10-22T17:20:31+06:00
2026-10-22T17:20:31+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শরীয়তপুরে শিক্ষক হত্যা মামলায় হোটেল ম্যানেজার আটক
বরিশাল অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম  
ছবি: যাযাদি
শরীয়তপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার হত্যা মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত ঢাকা আবাসিক হোটেলের ম্যানেজার আতাউর রহমানকে আটক করেছে র‍্যাব-৮। ২১ অক্টোবর রাতে নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকা থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) র‍্যাব-৮-এর বরিশাল সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর গাজীপুরের কোনাবাড়ী এলাকার খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রী ও অন্যান্য স্বজনের কাছে মারধরের ছবি পাঠানো হয়। একই সঙ্গে চিকিৎসার খরচ বাবদ বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হয় বলে জানায় র‍্যাব।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন। পরে ২০ অক্টোবর শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত শিক্ষকের ভাই ওই দিনই ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করলে মামলার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের শনাক্ত ও আটকের জন্য ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৮-এর মাদারীপুর শাখা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ ও র‍্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল ২১ অক্টোবর রাতে নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে আটক করে।

আটক আতাউর রহমান নোয়াখালীর সোনাইমুড়ী থানার আফুলশী মিয়াবাড়ী গ্রামের ছালেহ আহম্মদের ছেলে। তিনি শরীয়তপুরের ঢাকা আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ বরিশাল সদর দপ্তরের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  বিষয়:   শরীয়তপুর  শিক্ষক হত্যা  র‍্যাব অভিযান  আতাউর রহমান 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত