কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার আদলে ছবি তৈরি এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-দুই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ধর্মীয় পরিচয়ের আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে রুমিন ফারহানা ধর্ষণ, ঘুষ, শিশু নির্যাতন, হত্যা, নারীর প্রতি সহিংসতা, দুর্নীতি, প্রতারণা ও মিথ্যাচারসহ নানা অপরাধের প্রসঙ্গ তুলে ধরেন। এসব ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধের কথা সামনে আসে না কেন, সে প্রশ্নও তোলেন তিনি।
পোস্টে অন্যের সম্পদ আত্মসাৎ, নারীর বিরুদ্ধে কুৎসা রটানো, বোনকে সম্পত্তির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা, বৃদ্ধ বয়সে বাবা-মাকে অবহেলা করা এবং খাদ্যে ভেজাল মেশানোর মতো কর্মকাণ্ডেরও সমালোচনা করেন সংসদ সদস্য। তার বক্তব্য, এসব কাজ নৈতিকতার পরিপন্থী। ধর্মকে ব্যবসা কিংবা অন্যায় আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহারেরও বিরোধিতা করেন তিনি।
পোস্টের শেষাংশে রুমিন ফারহানা লেখেন, ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।এদিকে, এআই দিয়ে তৈরি ছবিতে দেবী দুর্গার আটটি হাত দেখানো হয়েছে। বিষয়টি উল্লেখ করে রুমিন ফারহানা লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।