প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম আপডেট: ২২.১০.২০২৬ ১১:৩৪ এএম
ছবি-যাযাদি গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান, ঝুট গুদাম,তুলা গুদাম,ভাঙারি দোকানের সাথে একটি মসজিদও পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২নং সিএন্ডবি বাজারে অগ্নিকাণ্ড ঘটে। এতে ১১টি দোকান পুড়েছে বলে জানিয়েছেন মালিকরা।
স্থানীয় আবুল কালাম বলেন,' গভীর রাতে হঠাৎ আগুনের খবর পেয়ে ঘুম ভেঙে যায়। পরে গিয়ে দেখি কামরুজ্জামান ভাইয়ের মার্কেটের দোকানে আগুন লেগেছে। এলাকাবাসী চেষ্টা করলেও আগুনের ভয়াবহ অবস্থা আরো বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম যায়যায়দিনকে বলেন,'রাত ৪টার কয়েক মিনিট আগে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।'
তিনি আরও বলেন,' আগুনে ঝুট ও তুলাম গুদাম, সেনেটারী দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম ও একটি ভাঙারির দোকান পুড়ে যায়। পাশে থাকা একটি মসজিদও ওই আগুনে পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানাতে পারবো।'