ছবি- যাযাদি নীলফামারীর ডিমলা উপজেলায় বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে তাঁর সহধর্মিণী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উদ্দিন, এ কে এম সাহ আরেফিন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রইসুল আলম চৌধুরীসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক আদর্শপাড়া সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক পূজামণ্ডপে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় ইউএনও ইমরানুজ্জামান পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি পূজামণ্ডপের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করেন তিনি।
জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়টি প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এখন পর্যন্ত ডিমলায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। নির্বিঘ্নে পূজা উদযাপনে তিনি সবাইকে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তাদের কাছে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।