| শিরোনাম: |

আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। সরকারের নীতিগত সহায়তায় এ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
বুধবার দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। তাঁর দাবি, দেশের অন্য কোনো রাজনৈতিক কার্যালয়ে এখন পর্যন্ত সৌর প্যানেল স্থাপনের ঘটনা তাঁর জানা নেই।
তিনি আশা প্রকাশ করেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ের এই উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও তাদের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে।
সেচ পাম্পগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমবে এবং কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস পাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ে নিজস্ব অর্থায়নে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। কার্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রয়েছে। তাঁর ধারণা, এ প্রকল্পে বিনিয়োগ করা অর্থ তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে।
