প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:৫০ পিএম
ছবি: সংগৃহীতমধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার (২১ অক্টোবর) অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম এক দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম এক দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ১৮ ডলারে দাড়িয়েছে।
বাজার গবেষণা সংস্থা ডিবিএসের জ্বালানি গবেষণা প্রধান সুভ্র সরকার জানান, কাতার বা পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমার খবরের প্রভাবে দাম বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যেও যুক্তরাষ্ট্রের তেলের মজুত হ্রাসের বিষয়টি উঠে এসেছে।
তেহরানে পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ইরান স্পষ্ট জানিয়েছে, নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরেও তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।
সৌদি আরবে সৌদি আরামকোর ইয়ানবু কেন্দ্র, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। পাশাপাশি ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুতিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাড়িয়েছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং জ্বালানি অবকাঠামো ও সামুদ্রিক পরিবহনে হামলার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে জ্বালানি সংকট ও ডিজেলের মূল্যবৃদ্ধি মোকাবিলায় আন্তর্জাতিক রিফাইনারিগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ।
সূত্র: রয়টার্স।