প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:২২ এএম আপডেট: ২১.১০.২০২৬ ১০:২৫ এএম
ছবি: যাযাদি পাবনার ভাঙ্গুড়ায় বড়াল রেলব্রিজে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সামিউল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় রেলব্রিজের রেলিং ধরে ঝুলে থেকে প্রাণে বেচে যায় তার বড় ভাই সাকিব (১২)। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া উপজেলার বড়াল রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফ ইসলামের ছেলে। সে আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুই ভাই চাটমোহরে নিজেদের বাড়ি থেকে ভাঙ্গুড়া পৌর শহরের কুঠিপাড়া মহল্লায় তাদের ফুফুর বাড়িতে বেড়াতে আসে। বিকেলে তারা বড়াল রেলব্রিজ দিয়ে নদী পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌছায়।
ট্রেনের হুইসেল শুনে বড় ভাই সাকিব রেললাইনের স্লিপার ধরে ঝুলে পড়ে প্রাণে বেচে যায়। তবে সামিউল ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পাকা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, শিশুটির মরদেহ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।