বহিষ্কার থেকে পুনর্বহাল, ফের বহিষ্কার বারহাট্টা যুবদল নেতা

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে আবারও দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট

2026-10-21T00:49:38+06:00
2026-10-21T00:49:38+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বহিষ্কার থেকে পুনর্বহাল, ফের বহিষ্কার বারহাট্টা যুবদল নেতা
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ এএম  
মোজাম্মেল হক সোহেল
নেত্রকোণার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে আবারও দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে বাবা-মাকে মারধরের অভিযোগে দৈনিক যায়যায়দিনে সংবাদ প্রকাশের পর গত ৪ জুলাই তাঁকে বহিষ্কার করা হয়েছিল। পরে ৩০ জুলাই তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট মঙ্গলবার সন্ধ্যায় মোজাম্মেল হকের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। মোজাম্মেল হক সোহেল উপজেলার বিক্রমশ্রী গ্রামের তারা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক বারহাট্টা উপজেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। 

এ সময় অর্চনা রানী দাস নামের এক বিধবা নারী তাঁর পায়ে পড়ে কান্নাকাটি করে মোজাম্মেল হক সোহেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। অর্চনা রানী সোহেলের প্রতিবেশী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরই সোহেলের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলের বহিষ্কারের সিদ্ধান্ত আসে।

এর আগে গত ৪ জুলাই বাবা-মাকে মারধরের অভিযোগের ঘটনায় দৈনিক যায়যায়দিনে সংবাদ প্রকাশিত হওয়ার পর মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরে নানা তদবিরের পাশাপাশি বাবা-মাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। পুনর্বহালের আড়াই মাসেরও কম সময়ের মধ্যে নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আবারও বহিষ্কার করা হলো।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্মেল হক সোহেল। তিনি বলেন, ‘আমি প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার। আগেরবারও প্রতিপক্ষ আমাকে ফাঁসিয়েছিল। আমি বাবা-মায়ের একমাত্র ছেলে। জমি লিখে দেওয়ার জন্য মারধরের কী দরকার? তাঁদের সবকিছুই তো আমার। আমার বাবা ক্যানসারে আক্রান্ত এবং নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে নিজের অজান্তে হয়তো কিছু বলেছেন, যা প্রতিপক্ষ বাড়িয়ে প্রচার করেছে।’

প্রতিবেশী অর্চনা রানীর পরিবারের সঙ্গে বিরোধের বিষয়ে তিনি বলেন, ‘অর্চনা রানীর ভাবীকে সাত বছর আগে এক লাখ টাকা ধার দিয়েছিলাম। সেই টাকা আর ফেরত দেয়নি। এ বিষয় নিয়ে তাঁদের সঙ্গে কিছু তর্কবিতর্ক হয়েছে। প্রতিপক্ষের লোকজন ওই নারীকে প্ররোচনা দিয়ে শিখিয়ে এমপি মহোদয়ের কাছে হাজির করে মারধরের মিথ্যা তথ্য উপস্থাপন করিয়েছে। পুরো বিষয়টিই মিথ্যা ও বানোয়াট।’

  বিষয়:   যুবদল  বারহাট্টা  পুনর্বহাল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত