পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

যাযাদি অনলাইন

অর্থনীতি

দীর্ঘ ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সরকার। নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন

2026-10-20T21:50:44+06:00
2026-10-20T21:53:53+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৫০ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ৯:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের  চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সরকার। নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল মঙ্গলবার (২০ অক্টোবর)।

গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন, পুরনো বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করা হচ্ছে। 

সংশ্লিষ্টরা জানান, নতুন পে স্কেল ঘোষণাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা আশা করছেন, অক্টোবরের বেতনের সঙ্গে নতুন পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আইবাস প্লাস প্লাস (iBAS++) ব্যবস্থায় বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।

তবে প্রতিরক্ষা ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।

অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন মাসের বকেয়া অর্থও পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে সবাই সমান অঙ্কের বকেয়া পাবেন না। কর্মচারীর গ্রেড, আগের মূল বেতন, নতুন নির্ধারিত বেতন ও কার্যকর হওয়ার সময়ের ভিত্তিতে পাওনা নির্ধারিত হবে।

সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এরপর দীর্ঘ সময় নতুন বেতনকাঠামো না আসায় মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতনবৈষম্য নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এমন পরিস্থিতিতে ২০২৫ সালের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

পরবর্তী সময়ে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সচিব পর্যায়ের কমিটির প্রতিবেদন বিবেচনায় নেয় সরকার।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন দেওয়া হয়। এরপর ১৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ প্রকাশ করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারার ক্ষমতাবলে জারি করা আদেশটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য করা হয়েছে।

নতুন পে স্কেলে প্রথম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। অন্যদিকে ১২ থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। বিশেষ করে সর্বনিম্ন ২০তম গ্রেডে আগের আট হাজার ২৫০ টাকার মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার প্রায় ১৪২ শতাংশ।

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন এক লাখ ৫৬ হাজার টাকা। দ্বিতীয় গ্রেডে এক লাখ ৩২ হাজার, তৃতীয় গ্রেডে এক লাখ ১৩ হাজার, চতুর্থ গ্রেডে এক লাখ, পঞ্চম গ্রেডে ৮৬ হাজার এবং ষষ্ঠ গ্রেডে ৭১ হাজার টাকা থেকে বেতনক্রম শুরু হয়েছে। নবম গ্রেডের প্রারম্ভিক বেতন ৪৪ হাজার, দশম গ্রেডে ৩২ হাজার, ১১তম গ্রেডে ২৫ হাজার এবং ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বেতন বৃদ্ধির সম্পূর্ণ অর্থ একসঙ্গে দেওয়া হচ্ছে না। সরকারের আর্থিক সক্ষমতা ও বাজেট ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রেখে তিন ধাপে মূল বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম ধাপে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেড এবং তদূর্ধ্ব কর্মকর্তারা পুরনো ও নতুন নির্ধারিত মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ওই পার্থক্যের ৫০ শতাংশ।

দ্বিতীয় ধাপে ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেড এবং তদূর্ধ্ব কর্মকর্তারা বেতন বৃদ্ধির পার্থক্যের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ পাবেন। তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ নতুন মূল বেতনের শতভাগ কার্যকর হবে।

তিন মাসের বকেয়া যেভাবে পাবেন

নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বর্ধিত অংশের অর্থ বকেয়া হিসেবে পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। বেতন নির্ধারণের কার্যক্রম শেষে অক্টোবর মাসের বেতনের সঙ্গে এ অর্থ সমন্বয়ের পরিকল্পনা রয়েছে।

বেতন নির্ধারণে দিতে হচ্ছে যেসব তথ্য

অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নতুন বেতন নির্ধারণের জন্য আইবাস++ ব্যবস্থার পে ফিক্সেশন মডিউলে চাকরিজীবীদের ব্যক্তিগত ও চাকরিসংক্রান্ত তথ্য যাচাই করতে হচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্ম তারিখ, বর্তমান পদবি, বেতন গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের তথ্য।

একই সঙ্গে আগের বেতন নির্ধারণের রেকর্ড, পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং উচ্চতর গ্রেড প্রাপ্তির তথ্যও যাচাই করতে হচ্ছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট দাপ্তরিক আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে। ভুল তথ্যের ভিত্তিতে বেতন নির্ধারিত হলে নতুন মূল বেতন ও বকেয়া পাওনার হিসাবে অসংগতি দেখা দিতে পারে।

পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কার্যালয়, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় এবং জেলা ও উপজেলা হিসাব কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীদের অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে অর্থ বিভাগ।

ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন

এদিকে বেতন নির্ধারণের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ভাতা সংক্রান্ত নতুন একটি প্রজ্ঞাপন ১৯ অক্টোবর (সোমবার) জারি করেছে অর্থ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক যেসব প্রচলিত ভাতা পান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলো ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও প্রদান করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম। ফলে নতুন মূল বেতন নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে সব ধরনের শতাংশভিত্তিক ভাতা একই হারে বেড়ে যাচ্ছে না। মূল বেতনের বৃদ্ধি এবং বিভিন্ন ভাতা কার্যকরের সময়সূচির মধ্যে পার্থক্য থাকছে।

নতুন পে স্কেলের মূল আদেশ অনুযায়ী, সাধারণভাবে নতুন হারে ভাতা কার্যকরের নির্ধারিত সময় ১ জানুয়ারি ২০২৮। এর আগ পর্যন্ত সংশ্লিষ্ট আদেশ ও বিধান অনুযায়ী প্রচলিত ভাতার হিসাব চলবে।
  বিষয়:   পে স্কেল  নিয়ে সুখবর  বকেয়া 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত