প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম
ছবি: যাযাদিট্টগ্রামের পটিয়ায় আদালতে বিচারাধীন মামলার জমিতে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে উপজেলার জিরি ইউনিয়নের উত্তর দেয়াং কোটারপাড়া গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষ পটিয়া থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জিরি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর দেয়াং কোটারপাড়া গ্রামে আবদুর শুকুর ও আবুল কাশেমের ভোগদখলীয় জায়গায় পাশের এলাকার মো. ইলিয়াছসহ কয়েকজন সোমবার সকালে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করেন। খবর পেয়ে আবদুর শুকুর ও আবুল কাশেমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কালারপোল পুলিশ ফাড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পুলিশের হস্তক্ষেপ না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
আবদুর শুকুরের ওয়ারিশ কোহিনুর আক্তারের অভিযোগ, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি জমিটি নিয়ে সালিশি বৈঠকের কার্যক্রমও চলছে। এর মধ্যেই প্রতিপক্ষ তড়িঘড়ি করে তাঁদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
কালারপোল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাছির উদ্দীন বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. ইলিয়াছের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইলিয়াছ, আমিন শরীফ ও মো. সাদেকসহ কয়েকজন ওই জমিটি কিনেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।