আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহনে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম । ছবি: যাযাদি বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তার দলের সংসদ সদস্যরা ব্যাপক লুটপাট করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-তিন আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেন, দেশের সম্পদ লুট করে বিদেশে প্রাসাদ গড়ে তোলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে অবস্থান করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। দেশের সম্পদ ও অর্থ লুট করে বিদেশে প্রাসাদ তৈরি করা হয়েছে। তাদের পতনের পর এখন সেসব প্রাসাদে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। লালমোহনে জমি দখলের অভিযোগ তুলে তিনি বলেন, একজন ব্যক্তি কয়েকশ জমি দখল করেছিলেন। তারা মনে করেছিলেন, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট করা ব্যক্তিরা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়ে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। অতীতের তুলনায় বেশি পূজামণ্ডপে পূজা উদ্যাপিত হচ্ছে উল্লেখ করে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে স্পিকার বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ থেকে এর আগে কেউ এ পদে নির্বাচিত হননি বলেও তিনি উল্লেখ করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ সম্মান শুধু তার একার নয়, সবার। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
দেশে আওয়ামী লীগের শাসনামলের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস। এরই মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগের কারণে পদত্যাগ করতে হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে চুরি ও লুটপাটের মাধ্যমে সম্পদ বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এবং অর্থের বিনিময়ে আইন-আদালতকে প্রভাবিত করা হয়েছিল। বিদেশে প্রাসাদে বসবাস করে দেশের অর্থসম্পদ ভোগ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করতে চায় বলে জানান স্পিকার।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।