১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে পাশে ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

নেছারাবাদ প্রতিনিধি

সারাদেশ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালের জুলাই আন্দোলনেও সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য

2026-10-20T15:06:51+06:00
2026-10-20T15:06:51+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে পাশে ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা: প্রতিমন্ত্রী সোহেল মনজুর
নেছারাবাদ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:০৬ পিএম  
ছবি: যাযাদি
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালের জুলাই আন্দোলনেও সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্র ও ভোটাধিকারের স্বার্থে সনাতন ধর্মাবলম্বীরা কখনো দূরে ছিলেন না। অতীতের মতো ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের নাগরিক অধিকার প্রসঙ্গে আহম্মদ সোহেল মনজুর বলেন, বাংলাদেশের সব নাগরিকের অধিকার সমান। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য আলাদা কোনো সংবিধান নেই। তাই কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত না করে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। অধিকারবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই সরকারের উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন। তাঁদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার উন্নয়নে যারা কাজ করবেন, জনগণ তাদের সমর্থন দেবেন। ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি রাজনীতিবিদদের জনসেবায় আরও উৎসাহিত করে। এ সময় তিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের নেতারা তাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

পরে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি ও কাপড় বিভিন্ন পূজামণ্ডপের নেতাদের হাতে তুলে দেন। পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকেও উপজেলার পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক অনুদান দেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
  বিষয়:   নেছারাবাদ  শারদীয় দুর্গাপূজা  মুক্তিযুদ্ধ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত