প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
ছবি-যাযাদি “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মসজিদের উন্নয়ন হলে মন্দিরেরও উন্নয়ন হবে। মুসলিম ছেলের চাকরি হলে হিন্দু ছেলেরও চাকরি হবে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন”—শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম খান বাবুল।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “এবার বাংলাদেশে সর্বোচ্চসংখ্যক, প্রায় ৩৪ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারও এবার পূজা উপলক্ষে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।” তিনি আরও বলেন, “আপনারা যেভাবে আমাদের ভোট দিয়ে সমর্থন করেছেন, ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন।”
পরিদর্শনকালে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপ'গুলোতে নগদ অর্থ এবং সরকারের পক্ষ থেকে শাড়ি উপহার বিতরণ করেন। এ সময় তিনি পূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক বিটু, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান,দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্বরণ ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মিরু মুন্সী, সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ ছাড়া পূজা উদ্যাপন ফ্রন্টের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।