হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর পর যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি। যাত্রীসেবার মান বজায় রাখা, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের যাত্রা ও লাগেজ পাওয়া নিয়ে অভিজ্ঞতা জানতে চান।
মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মতবিনিময়কালে যাত্রীরা সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেন। বিশেষ করে যাত্রীদের সুবিধার্থে চালু করা লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানান তাঁরা। এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন যাত্রীরা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন সেই পরিকল্পনার বাস্তবায়ন দেখা যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, যাত্রীরা তাঁকে জানিয়েছেন, তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তবে এ সেবার মান ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন তাঁরা। যাত্রীসেবার মান বজায় রাখা এবং বিমানবন্দরে ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
এদিকে, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত রিয়াদগামী ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে বলে জানান মন্ত্রী। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে এ রুটে পুনরায় ফ্লাইট চালু করা হবে।
রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকায় যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।