প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীতঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায় এসেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে তৈরি বিকৃত ও ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে তার ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানী ঢাকায় একটি শোরুম উদ্বোধনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে বারবার বিতর্ক ও ঝামেলার মুখোমুখি হওয়া প্রসঙ্গে হাসিমুখে তিনি বলেন, আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে আর ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। এখন বিষয়গুলো আমার ভালোই লাগে, এনজয় করি।
এর আগে ফেসবুক লাইভে এসে ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সোচ্চার হন এই অভিনেত্রী। তার এই অবস্থানের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে।
এ বিষয়ে পরীমনি বলেন, সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও বেশি সাহস পাই। তখন মনে হয়, আমি সঠিক পথেই আছি।
এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের ডিজিটাল হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পরীমনি। সাধারণ নারীদের সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।
পরীমনি বলেন, বিষয়টা অনেক বেশি সেনসিটিভ। আমার মতো মানুষের এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো আমি বিষয়টি পাত্তাই দিইনি। কিন্তু যখন দেখলাম এটা আর এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন কথা বলতে বাধ্য হয়েছি।
তিনি আরও বলেন, এটি যদি কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হতো, তবে হয়তো অনেকে মানসিক চাপে আত্মহত্যাও করে ফেলত, এমন খবর আমরা প্রায়ই দেখি। তাই এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি।
নারীদের লক্ষ্য করে এআই দিয়ে ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড ব্যক্তিগত সম্মান ও মানসিক সুস্থতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের পাশে দাড়ানো এবং ডিজিটাল হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পরীমনি।