প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৩০ পিএম
ছবি: যাযাদিবাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া অন্য কাউকে তারা ভিক্ষাও দেয় না। তাঁর দাবি, জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, জামায়াত তাদের সমিতির আওতায় থাকা লোকজনকে নিয়েই কর্মকাণ্ড পরিচালনা করে। ১৮ কোটি মানুষের জন্য দলটি কাজ করে না বলেও মন্তব্য করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সংসদ সদস্য বলেন, স্থানীয় প্রশাসন সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তাঁরা নিজেরাও কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।
তিনি আরও বলেন, মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাশে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। একে একে উপজেলার প্রতিটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করা হবে।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।