প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ পিএম
আব্দুর রহিমআন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ইয়ুথ (IOY)–এর ২০২৬–২০২৭ মেয়াদের অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস এডিটর মো. আব্দুর রহিম। এর মাধ্যমে বিশ্বের ১৩৫টি দেশের অ্যাম্বাসেডরদের সমন্বয়ে গঠিত বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত হয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আব্দুর রহিম।
তিনি বলেন, ১৩৫টি দেশের বৈশ্বিক অ্যাম্বাসেডর নেটওয়ার্কে আমিও একজন। ২০২৬–২০২৭ মেয়াদে International Organization of Youth (IOY)-এর Official Ambassador হিসেবে নির্বাচিত হয়েছি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের ১৩৫টি দেশের অ্যাম্বাসেডরদের এই আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হতে পারা তার জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশ, আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তনের উদ্যোগে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং দেশের তরুণদের সম্ভাবনা ও সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরার আশাবাদও ব্যক্ত করেন আব্দুর রহিম।
এ ছাড়া তার পোস্টে আগামী ২০২৭ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্সে অংশ নেওয়ার প্রত্যাশার কথাও উল্লেখ রয়েছে।