প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম
ছবি: এপিফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ৭৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা এসব মরদেহের জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা সিটির দারাজ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে তাঁদের একসঙ্গে জানাজা পড়ানো ও দাফন করা হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকাটিতে এখনো ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে মরদেহ আটকে থাকায় উদ্ধারকাজের ব্যাপকতা এবং নিহত ব্যক্তিদের শনাক্ত করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৪৯২ জন। তবে প্রকৃত প্রাণহানি ও আহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি হামলায় গাজার বিপুলসংখ্যক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় বহু মানুষ বাসস্থান হারিয়েছেন। তাদের অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন। উপত্যকার সীমান্তবর্তী বেশির ভাগ এলাকা দখলে নেওয়ায় অনেক ফিলিস্তিনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় আশ্রয় নিয়েছেন। সেখানে বাস্তুচ্যুত মানুষের জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এতে উপত্যকাটিতে প্রাণহানি ও মানবিক সংকট আরও বাড়ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারের পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও আশ্রয় নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।