ডিজিটাল সংবাদমাধ্যমের দাপটে হারাচ্ছে ছাপা পত্রিকার পাঠক

আখাউড়া প্রতিনিধি

সারাদেশ

একসময় সকালে ঢাকা থেকে পত্রিকা এসে পৌছালেই আখাউড়া রেলওয়ে স্টেশনের বুকস্টলগুলোতে জমে উঠত পাঠকদের ভিড়। তরুণ-যুবক, কলেজশিক্ষার্থী থেকে শুরু করে

2026-10-18T14:45:16+06:00
2026-10-18T14:45:16+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
● গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা ও দাফন      ● জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইউরোপ, ফ্রান্স-ইতালি-বেলজিয়াম-পর্তুগালে বিক্ষোভ      ● কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান      ● গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সংস্কার বাস্তবায়নে ধীরগতি ও দুর্নীতি নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ      ● ডিজিটাল সংবাদমাধ্যমের দাপটে হারাচ্ছে ছাপা পত্রিকার পাঠক      ● ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায়       
সারাদেশ
ডিজিটাল সংবাদমাধ্যমের দাপটে হারাচ্ছে ছাপা পত্রিকার পাঠক
আখাউড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম  
আখাউড়া রেলওয়ে স্টেশনের ঐতিহ্যবাহী অবসর রেলওয়ে বুকস্টলে পত্রিকা ও ম্যাগাজিন সাজিয়ে বসে আছেন কর্ণধার মোয়াজ্জেম হোসেন স্বপন । ছবি: যাযাদি
একসময় সকালে ঢাকা থেকে পত্রিকা এসে পৌছালেই আখাউড়া রেলওয়ে স্টেশনের বুকস্টলগুলোতে জমে উঠত পাঠকদের ভিড়। তরুণ-যুবক, কলেজশিক্ষার্থী থেকে শুরু করে ট্রেনযাত্রীরা অপেক্ষা করতেন পছন্দের পত্রিকাটি হাতে পাওয়ার জন্য। পত্রিকার পাশাপাশি বিক্রি হতো গল্প-উপন্যাসের বই ও সাপ্তাহিক ম্যাগাজিন। প্রতিদিন বিক্রি হতো প্রায় এক হাজার কপি পত্রিকা। সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন অনেকটাই ম্লান। ডিজিটাল সংবাদমাধ্যমের বিস্তারে ছাপা পত্রিকার পাঠক ও বিক্রি কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে দুটি বুকস্টল। পেশা বদলেছেন অনেক পত্রিকার হকারও। তবে বাবার স্মৃতি ও দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন আখাউড়া রেলওয়ে স্টেশনের অবসর রেলওয়ে বুকস্টলের কর্ণধার মোয়াজ্জেম হোসেন স্বপন।

আখাউড়া রেলওয়ে স্টেশনের পুরোনো ও বর্তমানে একমাত্র পত্রিকা-ম্যাগাজিনের দোকান অবসর রেলওয়ে বুকস্টল। প্রায় ৭০ বছর ধরে প্রতিষ্ঠানটি স্টেশন চত্বরে পাঠকদের হাতে তুলে দিচ্ছে পত্রিকা, ম্যাগাজিন ও বই। একসময় জমজমাট থাকা এই ব্যবসা এখন নানা সংকটে কোনোরকমে টিকে আছে।

বুকস্টলটির প্রতিষ্ঠাতা ছিলেন মোয়াজ্জেম হোসেন স্বপনের বাবা প্রয়াত একেএম নাজির হোসেন। স্বপনের ভাষ্য অনুযায়ী, ১৯৫৫ থেকে ১৯৬০ সালের মধ্যে তিনি ব্যবসাটি শুরু করেন। তখন দোকানে পত্রিকা, ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের বই বিক্রি হতো। ছোটবেলায় চার ভাই মাঝেমধ্যে বাবার সঙ্গে দোকানে বসতেন।

১৯৯০-৯১ সালের দিকে নিয়মিত বাবার সঙ্গে দোকানে বসতে শুরু করেন স্বপন। ২০০৭ সালে বাবার মৃত্যুর পর থেকে তিনিই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। অতীতের স্মৃতিচারণা করে স্বপন বলেন, নব্বইয়ের দশকে আখাউড়া রেলওয়ে স্টেশনে তাদের বুকস্টল ছাড়াও আরও দুটি পত্রিকার দোকান ছিল। তখন তাদের দোকানে প্রতিদিন প্রায় এক হাজার কপি পত্রিকা বিক্রি হতো। পত্রিকার পাশাপাশি গল্প-উপন্যাসের বই ও বিভিন্ন সাপ্তাহিক ম্যাগাজিনেরও ভালো চাহিদা ছিল। সকালে ঢাকা থেকে পত্রিকা এসে পৌছালে দোকানে পাঠকদের ভিড় জমত। পাঠকদের হাতে পত্রিকা তুলে দিতে তাঁর ভালো লাগত।

তিনি জানান, আগে তরুণ-যুবক ও কলেজশিক্ষার্থীরা নিয়মিত পত্রিকা ও ম্যাগাজিন কিনতেন। ট্রেনযাত্রীরাও যাত্রাপথে পড়ার জন্য পত্রিকা সংগ্রহ করতেন। কিন্তু এখন মোবাইল ফোন, কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে সহজেই দেশ-বিদেশের খবর পাওয়া যায়। ফলে ছাপা পত্রিকার পাঠক ও ক্রেতা অনেক কমে গেছে। আগের মতো বেচাকেনা না থাকায় স্টেশনের দুটি বুকস্টল বন্ধ হয়ে গেছে। পত্রিকা নিয়ে হকারি করতেন, এমন অনেকেই অন্য পেশায় চলে গেছেন।
স্বপন বলেন, আমাদেরও ব্যবসা ভালো নেই। তারপরও বাবার স্মৃতি ও দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে কোনোরকমে দোকানটি চালিয়ে যাচ্ছি।

আখাউড়া মসজিদপাড়ার বাসিন্দা ও ব্যাংকার নূরে আলম চৌধুরীর কাছেও বুকস্টলটি কেবল একটি বইয়ের দোকান নয়, স্মৃতিবিজড়িত একটি স্থান। তিনি বলেন, এই বুকস্টলটি শুধু একটি বইয়ের দোকান নয়, আমার কাছে এটি এ অঞ্চলের মানুষের আবেগের জায়গা। ছাত্রজীবনে ট্রেনে কোথাও যাওয়ার সময় স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতাম। তখন বুকস্টলে বসে পত্রিকা পড়তাম। এখনো দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যায়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী দিলীপ ঘোষ বাপ্পিও মনে করেন, পত্রিকা পড়ে দেশ-বিদেশের খবর জানার পাশাপাশি জ্ঞান অর্জন করা যায়। তবে পাঠক কমে যাওয়ায় বুকস্টল ব্যবসার অবস্থা খারাপ হয়ে পড়েছে। দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানটি টিকে থাকুক, এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

প্রযুক্তির অগ্রগতিতে মানুষের সংবাদ পড়ার অভ্যাস বদলে গেছে। হাতের মুঠোয় মোবাইল ফোনেই মিলছে দেশ-বিদেশের সর্বশেষ খবর। এর প্রভাব পড়েছে ছাপা পত্রিকার বিক্রি ও সংশ্লিষ্ট ব্যবসায়। সেই পরিবর্তনের চাপে আখাউড়া রেলওয়ে স্টেশনের ঐতিহ্যবাহী বুকস্টল ব্যবসাও হারাচ্ছে তার পুরোনো জৌলুশ। তবু স্মৃতি, আবেগ ও ঐতিহ্যের টানে এখনো পাঠকের অপেক্ষায় দোকান খুলে বসেন স্বপন।
  বিষয়:   আখাউড়া বুকস্টল  ছাপা পত্রিকা  ডিজিটাল সংবাদমাধ্যম 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত