প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: মৌ ডেন্টাল কেয়ার।নেত্রকোণার মোহনগঞ্জে দন্ত চিকিৎসার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
পৌরশহরের স্টেশন রোডের পাথরঘাটা এলাকায় ‘মৌ ডেন্টাল কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করা হয়। চেম্বারে সনদধারী দন্ত চিকিৎসকের নাম থাকলেও অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। এ সময় দন্ত চিকিৎসার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সোহানুর রহমান সুরাপকে ১০ হাজার টাকা এবং এসএম রাহীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দুই ব্যক্তি দাবি করেন, ডেন্টাল কেয়ারটি একজন সনদধারী চিকিৎসকের। সেখানে তাঁরা রোগীদের সিরিয়াল দেওয়ার কাজ করেন। তবে অভিযানের সময় তাঁদেরই রোগীদের দাঁতের চিকিৎসা দিতে দেখা যায়। এ সময় তাঁরা চিকিৎসাসংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাঁদের বিরুদ্ধে জরিমানা আদায়ের ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে গত ১০ আগস্ট মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ডেন্টাল কেয়ারে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে মো. লিয়ন মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যুর অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, দাঁতের মাড়ির পাশে বেড়ে ওঠা মাংস কাটার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নজরদারি বাড়ে। পরে সংশ্লিষ্ট দন্ত চিকিৎসক আত্মগোপনে চলে যান বলে জানা যায়। এরপর প্রশাসনের অভিযানে পাশের আরেকটি ডেন্টাল কেয়ার থেকে একজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনার পরও এলাকায় দন্ত চিকিৎসার নামে অননুমোদিত ব্যক্তিদের কার্যক্রম নিয়ে উদ্বেগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু চেম্বারে সনদধারী চিকিৎসকের নাম ব্যবহার করে অন্য ব্যক্তিরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। কোথাও চিকিৎসক উপস্থিত না থাকলেও তাঁর নাম সামনে রেখে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন বলেন, অভিযানের সময় ওই দুই ব্যক্তি চিকিৎসাসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাঁরা চেম্বারটি অন্য একজন সনদধারী চিকিৎসকের বলে দাবি করলেও তাঁদেরই রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। এ কারণে তাঁদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।