তাসকিনের তিন শিকারের পর শতরানে ঘুরে দাড়াল জিম্বাবুয়ে

যাযাদি অনলাইন

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে শুরুতেই তাসকিন আহমেদের বোলিং তোপে চাপে পড়ে সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারানোর পর পাওয়ার প্লের

2026-10-17T19:52:14+06:00
2026-10-17T19:52:14+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
তাসকিনের তিন শিকারের পর শতরানে ঘুরে দাড়াল জিম্বাবুয়ে
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম  
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে শুরুতেই তাসকিন আহমেদের বোলিং তোপে চাপে পড়ে সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারানোর পর পাওয়ার প্লের ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। তবে পরবর্তী সময়ে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের ব্যাটে ঘুরে দাড়ানোর চেষ্টা করে দলটি। ছয় বছর পর ওয়ানডেতে ফিফটির দেখা পেয়েছেন ৪০ বছর বয়সী টেলর।

ইনিংসের সপ্তম ওভারে তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন। শর্ট বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়মিল হওয়ায় ক্যাচ তুলে দেন তাফাদজা সিগা। দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকা বলটি শেষ পর্যন্ত তালুবন্দী করেন উইকেটকিপার নুরুল হাসান। চার ওভারে ১৩ রান দিয়ে তাসকিন তখন পর্যন্ত তিনটি উইকেট নেন।

এর আগে ইনিংসের প্রথম ওভারের ষষ্ঠ বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। তার বলে এলবিডব্লু হন ব্রায়ান বেনেট। জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। তখন কোনো রান যোগ হওয়ার আগেই একটি উইকেট হারায় জিম্বাবুয়ে।

পাওয়ার প্লের পুরো সময় তাসকিনের বোলিংয়ের সামনে ভুগতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। প্রথম ১০ ওভারে দলটির সংগ্রহ দাড়ায় তিন উইকেটে ৩০ রান। এ সময়ে শরীফুল ইসলাম চার ওভার এবং মোস্তাফিজুর রহমান এক ওভার বল করলেও উইকেট পাননি তারা।

তাসকিনের ছয় ওভারের স্পেল শেষ হওয়ার পর বোলিংয়ে আসেন বাহাতি পেসার মোস্তাফিজ ও শরীফুল। এরপর রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করে জিম্বাবুয়ে। মোস্তাফিজের করা ১২তম ওভারে ১০ রান আসে। পরের ওভারে শরীফুলের বলে ১২ রান সংগ্রহ করে সফরকারীরা। দুই ওভারেই দুটি করে বাউন্ডারি আদায় করেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।
১৩ ওভার শেষে তিন উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ দাড়ায় ৫৭ রান। ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস দেখা যায়।

১৮ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ছিল তিন উইকেটে ৭৪ রান। এ সময় টেলরকে এলবিডব্লু আউট করার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। মোসাদ্দেক হোসেনের বলে জোরালো আবেদন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে টেলরের ব্যাটে বলের স্পর্শ না থাকায় আউটের আশা জাগলেও পরে দেখা যায়, বলের ইমপ্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে। ফলে সিদ্ধান্ত বদলায়নি এবং রিভিউ হারায় বাংলাদেশ।

এদিকে টেলর ও আরভিনের জুটি জিম্বাবুয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা চালিয়ে যায়। ৬৭ বলে তাদের জুটিতে ৫১ রান যোগ হয়। ২৩ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাড়ায় তিন উইকেটে ১০২ রান। মোসাদ্দেকের করা ওই ওভারে ৯ রান নিয়ে এক শ রানের মাইলফলক স্পর্শ করে দলটি। তখন টেলর ৪৮ এবং আরভিন ৩০ রানে ব্যাট করছিলেন।

ইনিংসের ২৫তম ওভারে সৌম্য সরকারের বলে এক রান নিয়ে ফিফটি পূর্ণ করেন ব্রেন্ডন টেলর। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম অর্ধশতক। এর আগে ৩৯তম ফিফটি করেছিলেন ২০২০ সালের ৩ নভেম্বর, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৫৬ রানের ইনিংস খেলার সময়। এরপর দীর্ঘ ছয় বছর বিরতি দিয়ে আবারও ওয়ানডেতে অর্ধশতকের দেখা পেলেন তিনি।

এই সময়ে টেলরের আন্তর্জাতিক ক্রিকেটে উপস্থিতিও ছিল সীমিত। বিশেষ করে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর জিম্বাবুয়ে দলে ছিলেন না তিনি। গত বছরের আগস্টে দলে ফেরার পর এটি তার ষষ্ঠ ওয়ানডে ম্যাচ।
  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট  জিম্বাবুয়ে ক্রিকেট  তাসকিন আহমেদ 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত