তুরস্কের মারদিনের ২১ বছর বয়সী এক তরুণ ৮০ বছর বয়সী এক ইতালীয় নারীকে বিয়ে করেছেন। তাদের মধ্যে ৫৯ বছরের বয়সের ব্যবধানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা।
প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ নামের ওই তরুণ জানিয়েছেন, তাদের সম্পর্কের ভিত্তি প্রকৃত ভালোবাসা। স্ত্রীকে নিয়ে তুরস্কে যাওয়ার এবং সেখানে ঐতিহ্যবাহী রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা উদ্যাপনেরও আশা প্রকাশ করেছেন তিনি।
এদিকে, এই বিয়ের মাধ্যমে ইতালির নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ও জল্পনা দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাদের সম্পর্কের পেছনে ভালোবাসার পাশাপাশি অভিবাসন-সংক্রান্ত কোনো সুবিধার বিষয়ও রয়েছে কি না।
তবে প্রতিবেদন অনুযায়ী, দম্পতির ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলোর সত্যতা নিশ্চিত করার মতো তথ্য পাওয়া যায়নি। ফলে তাদের সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ওঠা প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর এখনো সামনে আসেনি।