প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম
ছবি: যাযাদিফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানের টিনের চালের স্ক্রু খুলে প্রায় তিন লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত থেকে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানমালিক বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দোকানমালিক মো. বিপ্লব মোল্যা (৩৫) শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো দোকানে এসে বেচাকেনা শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে শাটারের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় টিনের চালের স্ক্রু খোলা দেখতে পান তিনি।
পরে দোকানের ভেতরে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট এবং ক্যাশে রাখা তিন হাজার ৭০০ টাকা খুজে পাননি বিপ্লব মোল্যা। অভিযোগে চুরি হওয়া সিগারেটের আনুমানিক মূল্য তিন লাখ ২০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামাল ও নগদ টাকার মূল্য প্রায় তিন লাখ ২৩ হাজার ৭০০ টাকা বলে দাবি তার।
দোকানমালিকের অভিযোগ, অজ্ঞাতনামা চোরেরা টিনের চালের স্ক্রু খুলে দোকানে প্রবেশ করে সিগারেট ও নগদ টাকা নিয়ে গেছে। ঘটনার পর তিনি আশপাশের দোকানদারদের ডেকে বিষয়টি জানান এবং দোকানের অবস্থা দেখান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
বোয়ালমারী থানার ডিউটি অফিসার মো. নাসিরুদ্দিন শনিবার বিকেলে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।