ছবি-যাযাদি আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ঢাকা জেলা ও মহানগরীর পূজামণ্ডপসমূহে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা জেলার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ৮৬৬টি পূজামণ্ডপে ৫,৫3২ জন এবং ঢাকা মহানগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম জোনের ২৬০টি পূজামণ্ডপে ১,৭৯৬ জনসহ সর্বমোট ১,১২৬টি পূজামণ্ডপে ৭,৩২৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিনটি শ্রেণিতে বিভক্ত করে নিরাপত্তার গুরুত্ব অনুযায়ী সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ২ (দুই) জন করে নারী আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা নারী দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ চলাচলে সহায়তা করবেন।
যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, নিরাপত্তা জোরদার এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলার লক্ষ্যে ৬ (ছয়)টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে এসব টিম সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন সার্বক্ষণিক পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, যোগাযোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের জন্য ঢাকা জেলা পর্যায়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ এবং প্রতিটি উপজেলা ও থানা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ (Control Room) স্থাপন করা হয়েছে।
দায়িত্ব পালনের পূর্বে প্রতিটি উপজেলা ও থানা পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যদের জন্য ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়েছে। এতে সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, করণীয় ও বর্জনীয় (Do’s and Don’ts), শৃঙ্খলা, সতর্কতা, দর্শনার্থীদের সঙ্গে আচরণ, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রতিটি পূজামণ্ডপে ২ (দুই) জন আনসার-ভিডিপি সদস্যকে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের এন্ড ইউজার (End User) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পূজামণ্ডপে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, নিরাপত্তাজনিত সমস্যা বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে তাঁরা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য প্রদান করবেন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।
আগামী ১5 অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ খ্রি. পর্যন্ত মোট ৬/7 (ছয়/সাত) দিন আনসার-ভিডিপি সদস্যরা নির্ধারিত পূজামণ্ডপসমূহে দায়িত্ব পালন করবেন। এ সময় তাঁরা স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় বজায় রাখবেন।
ঢাকা জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, বিভিএমএস (বার) জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জনবল মোতায়েনের পাশাপাশি নারী সদস্যদের অংশগ্রহণ, ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম, নিয়ন্ত্রণকক্ষ এবং প্রযুক্তিনির্ভর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল সদস্যকে সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।