রাত পোহালেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু দুর্গাপূজা

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

রাত পোহালেই শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে নওগাঁয় শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই

2026-10-15T19:44:44+06:00
2026-10-15T19:44:44+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাত পোহালেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু দুর্গাপূজা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম  
ছবি: যাযাদি
রাত পোহালেই শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে নওগাঁয় শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই ধর্মীয় উৎসব। এবার জেলার ৮৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৩৫টি বেশি। উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রং করা, সাজসজ্জা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী দুর্গোৎসব শেষ হবে। এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। দেবীকে বরণ করে নিতে জেলার বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

জেলায় এবার নওগাঁ সদর উপজেলায় ৭০টি ও পৌরসভায় ৫৮টি, মহাদেবপুরে ১৬০টি, মান্দায় ১২৬টি, বদলগাছীতে ১০৮টি, পত্নীতলায় ৮৪টি, নিয়ামতপুরে ৫৫টি, আত্রাইয়ে ৫৪টি, রানীনগরে ৫০টি, ধামইরহাটে ৩২টি, সাপাহারে ২০টি এবং পোরশায় ১৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর জেলায় ৮০১টি এবং তার আগের বছর ৮১৯টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল।

জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, মাটি, বাশ, খড় ও সুতলি দিয়ে তৈরি প্রতিমায় শেষ মুহূর্তের রং ও সাজসজ্জার কাজ চলছে। দেবী দুর্গার পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও অসুরের প্রতিমায় রং তুলির আচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানা নকশা। প্রতিমার কাজের পাশাপাশি ঢাক-ঢোল, কাশি ও বাশির প্রস্তুতি এবং মণ্ডপ সাজানোর কাজও চলছে।

আয়োজকেরা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখা হচ্ছে। পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিক দফায় মতবিনিময় হয়েছে।

নওগাঁ কালেক্টরেট পূজামণ্ডপের সভাপতি সুবল চন্দ্র মণ্ডল বলেন, সাজসজ্জাসহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। তাঁদের মণ্ডপে এবার ৩৭তম পূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, মণ্ডপটি সরকারি অনুদান হিসেবে ৬০০ কেজি চাল পেয়েছে। কল্যাণ ট্রাস্ট থেকেও অনুদান পাওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখছেন। সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে পূজা শেষ হবে বলে আশা করছেন তারা।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর কুমার দাস বলেন, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। সার্বজনীন দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার ও পৌর শাখার সভাপতি পিযুষ কান্তি সরকার বলেন, ১৬ অক্টোবর ষষ্ঠী তিথিতে পূজা শুরু হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তাঁরা আশা করছেন।

জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু বলেন, জেলার ৮৩৬টি মণ্ডপে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সবাই মিলে উৎসব উদ্‌যাপন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় পূজাকে কেন্দ্র করে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূজা কমিটি ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ার কথা জানিয়েছেন মৃৎশিল্পীরা। তাদের ভাষ্য, ধর্মীয় আবেগ ও ভালোবাসা থেকে তারা প্রতিমা তৈরি করেন। উপকরণের ব্যয় বাড়লেও ক্রেতারা কম দাম দিতে চান। ফলে পৈতৃক পেশা ধরে রাখলেও আর্থিকভাবে লাভবান হওয়া কঠিন হয়ে পড়েছে।

  বিষয়:   দুর্গাপূজা  নওগাঁ  ৮৩৬ মণ্ডপ  শারদীয় উৎসব 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত