প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম

পটুয়াখালীতে হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোঃ আব্বাসকে গ্রেফতার করেছে এসআরবি-৮।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে ঢাকার কুড়িল ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আব্বাস পটুয়াখালী জেলার উত্তর বাজারঘোনা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার এসআরবি-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি বরিশাল সদর দপ্তরের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গত ৭ অক্টোবর পটুয়াখালী ইপিজেড মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বিরোধ মীমাংসার কথা বলে স্থানীয় বাসিন্দা আকাশ ও তার চাচাতো ভাই রুবেল সিকদারকে মোঃ আব্বাস তাদের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে রুবেলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও আকাশ নিখোঁজ থাকেন।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে গত ৯ অক্টোবর রাত ১১টার দিকে পটুয়াখালী সদর থানাধীন পশ্চিম আউলিয়াপুর এলাকায় ইপিজেডের সামনে মহাসড়কের পাশ থেকে আকাশের মরদেহ উদ্ধার করেন। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর এসআরবি অভিযুক্ত আব্বাসকে আটকে অভিযান চালায়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-১ এর যৌথ আভিযানিক দল ১৪ অক্টোবর বিকালে ঢাকার কুড়িল ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকরা এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।