প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম
নিহত রাকেশ দত্তগাজীপুরের শ্রীপুরে ভেতর থেকে দরজা লাগানো অবস্থায় একটি কক্ষ থেকে রাকেশ দত্ত নামের এক কারখানার কর্মকর্তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার গৌসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ভাড়া দেওয়া একটি রুম থেকে উলঙ্গ অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকেশ দত্ত (৪৫) চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার দীপক কান্তি দত্তের ছেলে। তিনি তাসমিয়া কসমেটিকের (আরঅ্যান্ডডি) বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও নিহতের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আড়াইমাস আগে ওই কারখানায় চাকরি শুরু করেন রাকেশ দত্ত। প্রতিদিন সকাল ৭টা থেকে কর্মস্থলে পৌঁছতেন তিনি। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময়ে অফিসে না পৌঁছানোয় তার নাম্বারে ফোন দেন। না রিসিভ করায় তাসমিয়া প্রতিষ্ঠানের সহকর্মীরা সকাল ৮টার দিকে তার খোঁজে ওই বাসায় যান। সেখানে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান তারা। বেশ কয়েকবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। উপায় না পেয়ে সহকর্মীরা বিষয়টি বাড়ির মালিক ও স্থানীয়দের জানায়। তারা থানায় খবর দিলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে উলঙ্গ অবস্থায় রাকেশ দত্তের নিথর দেহ পড়ে থাকতে দেখে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সহকর্মীরা জানান,' তার জ্বর থাকায় বুধবার অফিসে আসেনি। বলেছিল তীব্র জ্বরে আক্রান্ত হয়ে। আমরা হাসপাতালে যেতে বলেছি। আজকে না আসায় পরে খোঁজ নিয়ে এ অবস্থায় পাই।'
স্থানীয় কয়েকজন বলেন, 'যেহেতু দরজা ভেতর থেকে লাগানো ছিল। তাই আমরা মনে করছি হয়তো স্টোক করে সে মারা যেতে পারে। তারপরও পুলিশ তদন্ত করলে আরো রহস্য পেতে পারে।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন,'খবর পেয়ে ঘরের দরজা খুলে রাকেশ দত্তের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।'
তিনি আরো জানান, যেহেতু দরজা ভেতর থেকে লাগানো তাই ধারণা করা হচ্ছে, স্টোক জনিত কারণে মৃত্যু হয়েছে। তারপরও এটা স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'