প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম
ছবি: যাযাদিডিজিটাল সঞ্চয়সহ নতুন আর্থিক পণ্য ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর লক্ষ্যে ওপাস টেকনোলজি লিমিটেডের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল আর্থিক সেবা ‘উপায়’ (upay)।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় এ চুক্তি স্বাক্ষর করেন উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ওপাস টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. মো. জাফর ইকবাল।
এ অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল সঞ্চয় এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এর লক্ষ্য গ্রাহকদের লেনদেনের সুবিধা বাড়ানোর পাশাপাশি সঞ্চয়, আর্থিক পরিকল্পনা ও দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা দেওয়ার সুযোগ তৈরি করা।
প্রযুক্তির ব্যবহার ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে চায় উপায়। সহজে ব্যবহারযোগ্য ও গ্রাহককেন্দ্রিক সেবা চালুর পাশাপাশি আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি মোহাম্মদ মামুন রেজা খান এবং স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান। ওপাস টেকনোলজির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার মো. বায়াসুজ্জামান ভূঁইয়া এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রাশেদুল ইসলাম। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপায়ের এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ তৈরি, গ্রাহকদের জন্য কার্যকর সমাধান চালু এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড ‘উপায়’ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন একটি মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান। মোবাইল অ্যাপ ও দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দিয়ে থাকে।