প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৫২ এএম
ছবি: যাযাদিপ্রবাসীকে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে ৮৮ হাজার ৮৯০ টাকা আত্মসাতের অভিযোগে খুলনার বটিয়াঘাটা থেকে একটি অনলাইন প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) খুলনার বটিয়াঘাটা থানার কে বাইনতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নেতৃত্বে অপারেশন ও ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম টিম এবং এপিবিএন সদর দপ্তরের ইন্টেলিজেন্স ও এলআইসি শাখার ১১ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এপিবিএন সূত্রে জানা যায়, প্রবাসী রবিন শেখকে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে চক্রটি ৮৮ হাজার ৮৯০ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ হেডকোয়ার্টার্সে অভিযোগ করেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি এপিবিএন সদর দপ্তরের মাধ্যমে তিন এপিবিএন, শিরোমনি, খুলনায় পাঠানো হয়।
অভিযোগের ভিত্তিতে ৩ এপিবিএনের ক্রাইম ইউনিট এবং এপিবিএন সদর দপ্তরের ইন্টেলিজেন্স ও এলআইসি শাখা যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাব্বির হোসেন, সাধন কুমার ঘটক ও সাকিব শেখ। তাদের সবার বাড়ি খুলনার বটিয়াঘাটা থানার তলাপাড়া এলাকায়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে বিভিন্ন মডেলের পাচটি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়। এসব সামগ্রী অনলাইন প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এপিবিএন সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইনে কাজের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ১২ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৪। গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ বন্দর থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।