প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বছরের পর বছর অকৃতকার্য হওয়ার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষায় এগোতে না পারা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় নেওয়ার উদ্যোগও রয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নৈতিকভাবে উন্নত প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সরদার মো. কেরামত আলী সভাপতিত্ব করেন। এতে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।