প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:১৯ পিএম
প্রতীকী ছবিনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহযোগীদের গুলিতে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি ডাকাত সর্দার হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) চার নম্বর ওয়ার্ডের বউবাজারসংলগ্ন দশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় রনি ও রংমিস্ত্রি আসলাম সাহেব আলীকে লক্ষ্য করে গুলি করেন। এতে তার মাথা ও বুকে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাহেব আলী তার সহযোগী রনি ও আসলামের গুলিতে আহত হন। তার মাথায় গুলি করা হয়েছিল। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।