প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম
ছবি: যাযাদিনওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার (২৫) এবং একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিন (২১)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, বিপ্রোবোয়ালিয়া গ্রামের আব্দুর রকিব প্রামাণিক (৪৫) স্থানীয় বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পবনডাঙ্গা এলাকায় পৌছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ঘটনার সময় আব্দুর রকিব প্রামাণিক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় আব্দুর রকিব প্রামাণিক বাদী হয়ে রোববার আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিনই স্থানীয়দের সহায়তায় সুশান্ত কুমারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রোববার রাতে আত্রাই থানা-পুলিশ অভিযান চালিয়ে একই এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেফতার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেফতার দুই আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।