প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি-যাযাদি "শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধের প্রত্যয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি কন্যা সন্তান সমাজের বোঝা নয়, বরং অফুরন্ত সম্ভাবনা ও শক্তির প্রতীক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) উপ-পরিচালক স্থানীয় সরকার জনাব ,যাদব কুমার সরকার বলেন, কন্যা শিশুকে ডানা মেলে ওড়ার অবধারিত সুযোগ তৈরি করে দিতে হবে। বাল্যবিয়ে রোধ এবং কন্যাদের জন্য একটি ভয়হীন ও নিরাপদ সমাজ গড়ে তোলা পরিবার ও রাষ্ট্র উভয়েরই দায়িত্ব।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল রানা, ডা. আব্দুল্লাহ আল আহসান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা মহিলা দল ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল এবং সরকারী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মালা সুলতানা।
বক্তারা উল্লেখ করেন, একটি কন্যাকে সুশিক্ষিত করে গড়ে তোলা মানে পুরো ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করা। মেধা, প্রজ্ঞা ও কর্মদক্ষতায় কন্যারা আজ রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বিজ্ঞান ও সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। বৈষম্য দূর করে প্রতিটি কন্যা সন্তানের মানসিক ও শারীরিক বিকাশের পথ সুগম করতে হবে।
অনুষ্ঠানে কন্যা শিশুদের মধ্য থেকে নিজেদের অনুভূতি ও অধিকারের কথা তুলে ধরে বক্তব্য রাখে জারিন তাসরিন ও আশরাফী জান্নাত।
আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও বিপুল সংখ্যক কন্যা শিশু উপস্থিত ছিলেন।