
নিবাসী শিশুদের ব্যক্তিত্ব বিকাশ, শিক্ষা, নৈতিকতা ও সৃজনশীলতা চর্চার মাধ্যমে ভবিষ্যতে দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সরকারি শিশু পরিবার (বালক), নেত্রকোণার আয়োজনে ‘নিবাসী শিশুর ব্যক্তিত্ব গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারি শিশু পরিবারের ভূমিকা, প্রতিবন্ধকতা ও উত্তরণ কৌশল’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণার আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি শিশু পরিবার এর উপতত্ত্বাবধায়ক তারেক হোসেন।
এসময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সহিদুল ইসলাম।
সেমিনারে নিবাসী শিশুদের শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা, মানসিক বিকাশ ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারি শিশু পরিবারের কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সেগুলো উত্তরণে কার্যকর ও বাস্তবসম্মত কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ, সামাজিক আচরণ ও সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।
নিবাসী শিশুদের ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর ও দায়িত্বশীল করে তুলতে সরকারি শিশু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ রাবেয়া আলী, নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক, নেত্রকোণা পৌর নির্বাহী কর্মকর্তা, নেত্রকোণা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান কবির রিয়াদ, শরিফুল আলম সবুজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক দিদারুল আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি, নিবাসী শিশুদের অভিভাবক এবং সরকারি শিশু পরিবারের কয়েকজন নিবাসী অংশ নেন।