প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, এমপি।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, এমপি।
এ সফর চলাকালে তিনি যুক্তরাষ্ট্র যুবদলের কর্মীসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচিতেও অংশ নেবেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে তিনি আগামী ৩ অক্টোবর ঢাকায় ফিরবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি অংশ নেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভাষণ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফর ঘিরে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনায় আসছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে এটি তার আন্তর্জাতিক পর্যায়ের একটি সফর। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত যুবদল নেতাকর্মীদের সঙ্গে সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।