প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম
ছবি-যাযাদিসারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে যোগ দিয়ে আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে ১৯৯৬ সালের মতো মুনাফিকি করার চেষ্টা করছে। অবিলম্বে ককটেল হামলার হোতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করতে হবে। তাঁর কথায় পরিষ্কার, তারাই ককটেল ফুটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’এ সময় জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিও জানান যুবদল সভাপতি।
এছাড়া রাজশাহী রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে দায়ী করে তাঁকেও গ্রেপ্তারের দাবি করেন আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবসময় প্রস্তুত যুবদল।’
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল ও ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক প্রমুখ। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিলটি নয়া পল্টন থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।