প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০ পিএম
যাযাদি ছবি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রবি সওদাগরের স্ত্রী শিল্পী শীল (৫০) নিহত হয়েছেন।
৭ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর সন্তানরা পড়াশোনার কারণে ঢাকায় অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করলে গৃহবধূ চিৎকার শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরে ঢুকে তাঁর পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি, ছিনতাই অথবা পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডে জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একই সঙ্গে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।